৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কেক কাটার মাধ্যমে এই আয়োজনের সূচনা করেন।

এ সময় অধিদফতরের পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর সকল ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসাথে এ দিন দুপুরে সকল বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এক বার্তায় অধিদফতরের মহাপরিচালক মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে পূর্বের ন্যায় সকলকে নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদফতর, সিভিল ডিফেন্স পরিদফতর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটকে একীভূত করে প্রতিষ্ঠা করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। প্রেস বিজ্ঞপ্তি