পার্বত্য জেলা চট্টগ্রামের স্থানীয় নৃ-গোষ্ঠীদের বৈসাবি উৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শনিবার (১২ এপ্রিল) থেকে বাংলা নববর্ষ ও নৃ-গোষ্ঠীদের প্রধান উৎসব ‘বৈসাবি উদযাপন’ উপলক্ষে কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীনস্থ মদক বিওপির দায়িত্বপূর্ণ বড় মদক পাড়া, পাইমং পাড়া, ঊষামং পাড়া, পুসাতং পাড়া এবং বুলুপাড়া ও পানঝিরি বিওপির দায়িত্বপূর্ণ বিভিন্ন পাড়ায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের মাঝে আর্থিক অনুদান ও নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবারও (১৭ এপ্রিল) এই আর্থিক অনুদান ও নিরাপত্তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, বিজিবি সার্বক্ষণিকভাবে দুর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পার্বত্য এলাকার জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য সব সময় সাহায্য সহযোগিতা করে আসছে। এরই প্রেক্ষাপটে পার্বত্য এলাকায় বসবাসরত বিজিবি এবং পাহাড়ী-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড এস নাহিয়ান এবং বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়ামের নেতৃত্বে আর্থিক অনুদান এবং বিজিবি টহলদলের উপস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘বৈসাবি উৎসব’ উদযাপিত হচ্ছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সকল মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে।