বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রিমান্ডে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন মাওলানা ইন’আমুল হাসান ফারুকীর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠেছে। গ্রেফতারের পর নির্যাতনের চূড়ান্ত ধকলেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর একনিষ্ঠ এই খাদেমের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় জীবন অতিবাহিত করছেন।
রোববার (৩১ আগস্ট) নয়া দিগন্তকে তিনি বলেন, আমি এখন এমন পরিস্থিতিতে আছি। আল্লাহর সাহায্য ছাড়া আমার জীবনে আর কোনো আশা নেই। আল্লাহ যেন আমার দিকে করুণার দৃষ্টি দেন- এজন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।
এ পর্যন্ত ভারতসহ দেশের একাধিক জায়গায় চিকিৎসা করিয়েছেন মাওলানা ফারুকী। আনুসাঙ্গিক খরচসহ অন্তত ৬০ লাখ টাকা ব্যয় হয়ে গেলেও পরিপূর্ণ সুস্থ হতে পারেননি তিনি। তার শেষ চিকিৎসা হতে পারে চীনের গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতালে, কিন্তু ব্যয়বহুল হওয়ায়, সেটাও তিনি পারবেন কিনা শঙ্কা করছেন।
তিনি জানান, চীনে চিকিৎসা নিতে অন্তত সাড়ে চার লাখ ইয়াংয়ের (৮০ লাখ টাকা) প্রয়োজন। অন্যান্য খরচসহ ব্যয় হবে প্রায় কোটি টাকার মতো। যদি আল্লাহ চান আর মানুষের সহায়তা মিলে যায়, তবে আমি আবার চিকিৎসা নিতে চাই।
মাওলানা ইন’আমুল হাসান ফারুকীর একমাত্র ‘অপরাধ’ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ:-এর বিশ্বস্ত খাদেম ও ছায়াসঙ্গী হওয়া। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকেও গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। সেখানেই চলে শারীরিক ও মানসিক নির্যাতন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে জামিনে মুক্তি দেয়া হয়। ডাক্তাররা পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও ভাগ্যের নির্মম পরিহাসে শরীরে ধরা পড়ে ক্যান্সার।
এরপর প্রথমে বাংলাদেশে চিকিৎসা করানো হয়। এটা ব্যর্থ হলে তাকে নেয়া হয় ভারতে। পাঁচ মাস চিকিৎসা শেষে ভারতীয় ডাক্তাররা জানিয়ে দেন উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, চীন কিংবা যুক্তরাষ্ট্রে যেতে হবে। এরমধ্যে চার দফা কেমোসহ চিকিৎসা ও মামলায় ব্যয় হয়েছে প্রায় ৬৭ লাখ টাকা। পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরো অন্তত ১ কোটি টাকা।
অর্থাভাবে তিন মাস ধরে তার চিকিৎসা বন্ধ। শারীরিক অবস্থা অবনতিশীল। এমন পরিস্থিতিতে দেশবাসীর প্রতি তার বিনীত আহ্বান— আল্লাহর রহমতপ্রাপ্তির জন্য তার জন্য দোয়া করা।
ইন’আমুল হাসানকে সহায়তা করতে চাইলে-
01721238588 (বিকাশ/নগদ/রকেট)
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার:
Inamul Hasan faruqi
20502740205393103
Islami Bank, Pallobi Branch,
Mirpur, dhaka