জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফল উৎসব।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ক্র্যাব মিলনায়তনে অনুষ্ঠিত ফল উৎসবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, পাকিস্তানি হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্র্যাব’র সদস্যরা।
সংগঠনের সভাপতি মির্জা মেজেদী তমালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। প্রায় ১৬ পদের দেশীয় ফলের এ সমাহার দেখে অতিথিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
হাসান হাফিজ বলেন, ‘ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকে না জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান।’
পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান বলেন, ‘দু’দেশের ফলের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও শেকড়ের সন্ধান পাবে নতুন প্রজন্ম। আগামীতে যৌথভাবে এ আয়োজনের ঘোষণা দেন তিনি।’
মির্জা মেহেদী তমাল বলেন, ‘ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমী ফলের স্বাদ উপস্থাপনের জন্য ক্র্যাব এ আয়োজন।’
এম এম বাদশাহ্ বলেন, ‘আনন্দমুখর পরিবেশে এ ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।’
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান ও ক্র্যাবের সাবেক নেতারা।