বাংলাদেশে আরো গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ রোববার এক বিবৃতিতে ইইউ জানায়, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করছে।
বিবৃতিতে বলা হয়, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) সহায়তায় ইইউ’র অংশীদার সংস্থা এএনএফআরইএল(এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন) ১৮ থেকে ২০ জুন ঢাকায় তিন দিনব্যাপী নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মশালার আয়োজন করে।
ইইউ জানায়, কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সক্রিয় ও নিরপেক্ষ নাগরিক নির্বাচন পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের জন্য স্পষ্ট নির্দেশিকা প্রণয়নে সহযোগিতা এবং তাদের কেন্দ্রীয় ভূমিকার বিষয়টি আমলে নিয়েছে।
সূত্র : বাসস