রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী এবং তিন সন্তান দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান- রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।
রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রও। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।