কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
এ কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং বর্জ্যবাহী গাড়ির চালকদের তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্জ্যবাহী পরিবহন চালকদের তিনি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে নিরাপদে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেন।
কোরবানির ঈদকে সামনে রেখে আজ আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করে ডিএনসিসি প্রশাসক এসব নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি আসন্ন ঈদুল আজহার কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সাথে মতবিনিময় করেন।
তিনি লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এ সময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস. এম. শফিকুর রহমানকে নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ দেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা এবং তা নদী বা জলাশয়ে পড়ছে কিনা সে বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনোভাবেই নদীর পানির সাথে না মেশে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন।
পরিবহন চালকদের পক্ষে পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ভূইয়া চালকদের বিভিন্ন অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক সকল বিষয়ে আশু সমাধান ও আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সকল ধরনের সরঞ্জাম সরবরাহের আশ্বাস প্রদান করেন।
দুটি ডাম্পিং স্টেশনের প্রবেশ পথ বেশি খাড়া হওয়ায় গাড়ি দুর্ঘটনা এড়াতে প্লাস্টিকের গ্রিড দিয়ে রাস্তা দ্রুত মেরামতের নির্দেশনা প্রদান করেন। বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত ডাম্পিং স্টেশনের রাস্তাগুলো জরুরিভিত্তিতে চওড়া করার নির্দেশ দেন।
আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনো কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সে বিষয়টি পরিদর্শন করেন। এ বছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন। ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।
প্রশাসক বলেন, ডাম্পিং স্টেশনে পড়ে থাকা অকেজো স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস. এম. শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: ফরহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র : বাসস