ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবি ও এলএলএম পাসকৃত আইনজীবীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি ল’ইয়ার্স ইউনিটি (ডুলু)’-এর উদ্যোগে সম্প্রতি ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক মানববন্ধনের আয়োজন করা হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা, ভারতে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতন, এবং চীনে উইঘুর মুসলিমদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন দেশের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী মো: মনির হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, ‘ভারতে মুসলিম সংখ্যালঘুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হচ্ছে। মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেয়া, লুটপাট, নির্বিচারে গুলি এবং নির্যাতন-সবই ভারতীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ মদদে ঘটছে।’

তিনি চীনের উইঘুর মুসলিমদের ওপর বছরের পর বছর ধরে চলা নিপীড়নেরও তীব্র নিন্দা জানান এবং বলেন, ‘তাদেরকে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।’

গাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের দীর্ঘমেয়াদী নিষ্ঠুর আগ্রাসন, নারকীয় হামলা ও সাধারণ জনগণের ওপর হত্যাযজ্ঞ ইতিহাসের এক নির্মম অধ্যায়। বিশ্ব বিবেক এখনো নিরব কেন?’ তিনি দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডুলুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিদ্দিকুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, ডুলার যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরো অনেক আইনজীবী।

সৈয়দ নজরুল ইসলাম তার বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ভারতীয় প্রধানমন্ত্রীর ‘অহেতুক হস্তক্ষেপ ও মানবাধিকার লঙ্ঘনের’ কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘বিশ্বশান্তি বজায় রাখতে হলে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক ও আন্তর্জাতিক আইন অনুসারে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তোলেন।

ডুলুর এই মানববন্ধন নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর প্রতি একাত্মতা প্রকাশের পাশাপাশি, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিবে বলে আশাব্যক্ত করে সংগঠনটি।