বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৭তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিইউপি’র বিজয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সভায় সভাপতিত্ব করেন বিইউপির ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম।
সভার শুরুতে বিইউপি’র ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম বিদায়ী সদস্যদের ধন্যবাদ জানান এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান।
আইএসপিআর জানায়, বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো: রেজা এমদাদ খান ২০২৪-২০২৫ অর্থবছরের ১৩৪ কোটি আট লাখ টাকার সংশোধিত বাজেট ও ২০২৫-২০২৬ অর্থবছরের ১৩৪ কোটি ৯৭ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারারের বক্তব্যের ওপর আলোচনায় অংশ নেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও, সিনেট সভায় ১৭তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
১৭তম বার্ষিক সিনেট সভাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো: রাব্বি আহসান।
সভায় সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহ্বুব বলেন, ‘বিইউপি বয়সে নবীন হলেও এর শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, ওয়ার্কশপ ও গবেষণা ভিত্তিক কার্যক্রমের অর্জনগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম বয়ে আনছে। যুগোপযোগী শিক্ষা প্রদান, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় একটি সুনির্দিষ্ট একাডেমিক স্ট্রাটেজিক প্ল্যান ২০৫০ প্রণয়ন করেছে। একাডেমিক স্ট্রাটেজিক প্ল্যানের মাধ্যমে পাঠ্যক্রমের আধুনিক মান নির্ধারণ, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন, গবেষণা, উদ্ভাবন, প্রকাশনা ও গবেষণা সহায়তার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।
ভিসি আরো জানান, বিইউপি’র গবেষণা ভিত্তিক অগ্রযাত্রায় বিইউপি রিসার্চ সেন্টার (বিআরসি) অঙ্গীভূত ফ্যাকাল্টি ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো গবেষণা, উদ্ভাবন ও পরামর্শমূলক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে কাজ করছে।
‘ইন্সপায়ারিং ইনোভেশন ফর এডভান্সিং নলেজ’ স্লোগানকে ধারণ করে, বিইউপি রিসার্চ সেন্টার গবেষকদের মানসম্মত গবেষণায় উৎসাহ দিচ্ছে এবং শিল্পপ্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক গবেষকদের গবেষণালব্ধ জ্ঞান প্রসারের উদ্দেশ্যে বিইউপি থেকে পাঁচটি জার্নাল প্রতি বছর নিয়মিত প্রকাশিত হচ্ছে যা সকলের কাছে সমাদৃত।’
সিনেট চেয়ারম্যান আরো বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি একজন সুশৃঙ্খল, নৈতিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিইউপি বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে সকল প্রোগ্রামের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার মাধ্যমে নিড বেজড এডুকেশন প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের মানসম্মত কারিকুলাম ও শিক্ষা পরিবেশের পাশাপাশি বৈচিত্র্যময় সাংস্কৃতিক সান্নিধ্যের গুরুত্বকে সামনে রেখে বিইউপি’তে বিদেশী শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।’
এছাড়া তিনি নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, চরিত্র গঠন ও সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগ্রত করতে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য, জাতীয় দিবসগুলোর তাৎপর্য ও মাহাত্ম তুলে ধরে বিইউপি’র বিভিন্ন আলোচনা সভা, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করেন। সিনেট সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।