বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন।

মঙ্গলবার (২০ মে) সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা: সানজিদা সুলতানা-এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন ইংরেজি বিভাগকে নিম্নোক্ত শর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলো।

আদেশে আরো বলা হয়, তার যোগদানের তারিখ থেকে ছয় মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদানের তারিখ, এই দুই এর মধ্যে যেটি আগে হবে সেই তারিখ পর্যন্ত তিনি রেজিস্ট্রার হিসেবে থাকবেন।

এছাড়া তিনি পূর্ব অনুমোদিত হারে মাসিক ৮০০০ টাকা দায়িত্ব ভাতা এবং কর্মস্থলের শহরের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন। এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩ মে ববির সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা হয়।