বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের ‘একদফা একদাবি, ভিসি তুই কবে যাবি’ স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোর থেকে শুরু হয়ে মিছিলটি ৩ নাম্বার গেট হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় ভিসির কাছে আর নিরাপদ নয়। শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে। আমরা আজকের এ প্রতিবাদী মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার যদি ন্যূনতম লজ্জা-শরম থেকে থাকে তাহলে অবিলম্বে পদত্যাগ করুন। শিক্ষার্থীরা আপনাকে আর চায় না।’

এদিকে ভিসি যদি অতিসত্বর পদত্যাগ না করেন, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো বলে জানান শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ।

মোশাররফ হোসেন বলেন, ‘আমদের দীর্ঘদিনের এ আন্দোলনে রাষ্ট্র কোনো নজর দিচ্ছে না। আগামীকাল আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মহাসমাবেশ রয়েছে। এরপর আমরা অনশনসহ দক্ষিণবঙ্গ অচল করার মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

এদিকে মিছিল চলাকালে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ ও দাবি জোরালো কণ্ঠে তুলে ধরেন। এ সময় তাদের ‘বারে বারে মামলা এবার গদি সামলা’, ‘মামলাবাজ ভিসির ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘সাত মাস চলে গেলো, উন্নয়নের কি হলো’, ‘স্বৈরাচার ভিসি, আর না আর না’, ‘ক্যাম্পাস আমার গোল্লায় যায়, দালার ভিসি ঢাকায় রয়’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’সহ নানা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ক্যাম্পাস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও ভিসি অধ্যাপক ড. শূচিতা শরিমনের সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।