রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মাসুদের নেতৃত্বে চাঁদাবাজ দলের সদস্যরা নুর মোহাম্মদ নামে এক চায়ের দোকানিকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নাদিমকেও মৃত ঘোষণা করেন।
এ সময় জনতার গণপিটুনিতে সোহাগ নামে আরো একজনকে আহত অবস্থায় পুলিশ আটক করে।
স্থানীয়রা জানান, গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চা দোকানি নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেয়ায় নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে।
ওই ঘটনায় নুর মোহাম্মদ থানায় মামলা দায়ের করেন। এর প্রতিশোধ হিসেবে তার ওপর বুধবার রাতে আবার হামলা করে। নুর মোহাম্মদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।