রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ একজন পেশাদার ছিনতাইকারী যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান খান সাকিব ওরফে শাকিল নামের ওই যুবকের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও ছিনতাই হওয়া নগদ দুই হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

পরে শাকিলের দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ-সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা পুলিশ জানান, ১৫ এপ্রিল ভোর ৪টার দিকে অংগ্যজাই মারমা (২৭) তার চাচাত বোনের সাথে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারাল চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাত বোনকে ভয় দেখান।

তারা জোরপূর্বক তাদের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাত বোনের গলার একটি রূপার চেইন ছিনতাই করে মোটরসাইকেল করে পালিয়ে যান।

এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে। পুলিশ ভিকটিমের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়।

অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচানায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক মামলা রয়েছে।

এছাড়া মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয় বলে জানা পুলিশ।

ডিএমপি ডেপুটি কমিশনার মিডিয়া তালিবুর রহমান বলেন, ‘গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপর দুজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ সূত্র : ইউএনবি