রাজধানীর ওয়ারীতে নিজ বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটা চিরকুট।

শনিবার (১৯ এপ্রিল) রাতে হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তাদের লাশ পাঠানো হয়েছে।

ওই দম্পতি হলেন মোহাম্মদ মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।

এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারি থানার ডেপুটি কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ‘দুদিন ধরে বাসার দরজা না খোলায় সেখানকার লোকজন আমাদের জানালে আমরা গিয়ে রাতে লাশ দু’টি উদ্ধার করি। মৃত্যুর আগে একটা চিরকুট লিখে যান তারা। তবে আমরা হাতের লেখা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, সেটা স্ত্রীর লেখা। কারণ, স্বামী আগে মারা গিয়েছেন। তার শরীরে পচন শুরু হলেও স্ত্রীর বডি এখনো ফ্রেশ।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘চিরকুট থেকে জানা যায়, মুঈদ অনেকদিন ধরে ক্যান্সারের রোগী ছিলেন। প্রায় চার বছর তিনি বাসা থেকে বের হননি। এটি সুইসাইড কি না; বোঝা যাচ্ছে না। যেহেতু মুঈদ অসুস্থ ছিলেন এবং আগে মারা গিয়েছেন।’

তিনি আরো জানান, ‘দুজনের পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। কারণ, তাদের বিয়ে কেউ মেনে নেয়নি। চিরকুটে লেখা ছিল, লাশ যেন গ্রামে পাঠানো না হয় এবং একইসাথে দুজনকে শায়িত করে কবর দেয়া হয়।’

মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মোহাম্মদ মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

ঢাকা মেডিক্যালের মর্গ এসিস্ট্যান্ট বাবুল আলী জানান, ‘গতকাল রাতে স্বামী-স্ত্রীর লাশ দু’টি নিয়ে আসে পুলিশ। তারা দু’তিন দিন আগেই মারা গেছেন। একজনের শরীরে পচনও ধরেছে।’

স্ত্রী কিভাবে মারা গেছেন, সেটা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে বলে জানান ডিসি হারুন অর রশীদ।

সূত্র : ইউএনবি