রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিক্যাল সেন্টারের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন (৫২) নামে এক চিকিৎসক।

রোববার (৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা গুরুতর।

ডা. সাজ্জাদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা এবং বর্তমানে তিনি সবুজবাগের বাসাবো এলাকায় থাকেন বলে জানা গেছে।

জানা গেছে, ডা. সাজ্জাদ নিয়মিত নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় রোগী দেখতে যেতেন। গেল রোববার রোগী দেখা শেষে ইফতারের পর দোয়েল পরিবহনের একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে বাসে তিনি অজ্ঞান হয়ে পড়েন। বাসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় গুলিস্তানে বাস থেকে নামিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, রোববার রাতে ওই চিকিৎসককে জরুরি বিভাগে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।