সংবাদ সম্মেলনে অভিযোগ

মামলা নিষ্পত্তির আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জমি দখল

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, রায়ের বাজারের বাসিন্দা ইয়াছিনুর রহমান।

নিজস্ব প্রতিবেদক
Milton

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আপিলে থাকা একটি মামলার নিষ্পত্তির আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জমি দখলের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, রায়ের বাজারের বাসিন্দা ইয়াছিনুর রহমান। এ সময় তার মা জাহেদা বেগম এবং ভাই আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইয়াছিনুর রহমান অভিযোগ করেন, বসিলা সিটি ডেভেলপারস হাউজিং লি: এর ভেতরে থাকা তাদের পৈত্রিক সম্পত্তি যার দাগ নং- সিএস-৫৮৭, এসএ- ৫৮৭ ও আরএস- ৭১৪, (হোল্ডিং নাম্বার হয়নি) এর ৪ কাঠা জমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে তসলিম উদ্দিন দখল করে নেন। দখলের পর তার ভাইসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয় ক্যাম্পে ডেকে নিয়ে টাঙ্গিয়ে পেটানোর হুমকি দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দখল হয়ে যাওয়া ৪ কাঠা জমি নিয়ে কোনো পদক্ষেপ না নেয়ার জন্য হুমকি দেয়।

ইয়াছিনুর রহমান জানান, তার দাদার ব্যাংকের কাছে মডগেজ রেখে যাওয়া এই জমি ২০২১ সালে তিনি ব্যাংক লোন পরিশোধ করে অবমুক্ত করেন। তিনি দখল হয়ে যাওয়া জমিটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।