রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

এর আগে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩৮ জন, মিরপুর বিভাগ থেকে ১২২ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।