রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৮৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৩ জন, গুলশান বিভাগ থেকে ৫৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে আটজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুইটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। একইসাথে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।