রাজধানী পল্লবী থানাধীন কালশি ফ্লাইওভারের নিচ থেকে আনুমানিক ২০ ও ১৮ বছর বয়সী দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদেরকে নিয়ে আসা পথচারী রকি জানান, ‘ওই লোকগুলো মিরপুরের পল্লবী কালশি ওভারব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পরে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।