রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ আরমান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরমান দারাজের কর্মী ছিলেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার

মৃত্যু হয়।

নিহতের বাবা মোহাম্মদ ইকরাম হোসেন জানান, আমার ছেলে দারাজের কর্মী ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে সাতরাস্তা মোড়ে রাস্তা পারাপারে সময় অজ্ঞাত ৩/৪ যুবক পরিচয় জানতে চায়। তার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, আমাদের ভাড়া বাসা তেজগাঁও শিল্পাঞ্চলের মধ্য বেগুন বাড়ি ১৮/এ নম্বরে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।