ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকালে ১ নম্বর ওয়ার্ডে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক।

প্রধান অতিথির বক্তব্যে ডা: ফখরুদ্দিন মানিক বলেন, ‘আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, কেউ যদি কালো টাকা ও পেশীশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চায়, জনগণ তা শক্ত হাতে প্রতিরোধ করবে। নির্বাচনের পূর্বেই গণহত্যায় বিচার ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও তিনি মনে করেন।

বৈঠকে অন্যদের আরো উপস্থিত ছিলেন সিন্দুরপুর ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, সাবেক প্যানেল চেয়ারম্যান ইসমাঈল হোসেন, ইউনিয়ন আমির মাওলানা জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার মাওলানা মোশাররফ হোসেন এবং স্থানীয় মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা।