নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি।
বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে নওগাঁর সাপাহার আদাতলা সীমান্তচৌকি (বিওপি) এলাকা দিয়ে এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে। বিষয়টি জানতে পেরে, আদাতলা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের প্রবেশে বাধা দেয়। তারা বর্তমানে ভারতীয় সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।