নোয়াখালীর হাতিয়ায় বাবার মোটরসাইকেলে চড়ে কলেজে যাওয়ার পথে চাকায় বোরকা পেঁচিয়ে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রীর।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশরাত জাহান শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং নতুন সুখচর গ্রামের পল্লী চিকিৎসক মো: আরিফের মেয়ে।

জানা যায়, সকালে জাহাজমার নিজবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাবা ও মেয়ে কলেজে যাওয়ার পথে সোনাদিয়া এলাকার হিল্টন রোডে পৌঁছালে শান্তার বোরকা পেছনের চাকার সাথে পেঁচিয়ে যায়। পরে গলায় ঝুলানো থাকা বোরকার অংশে টান পড়লে শান্তা মাটিতে ছিটকে পড়ে। এ সময় চলন্ত মোটরসাইকেলের সাথে অনেক দূর পর্যন্ত গলায় ফাঁসের মতো টেনে নিয়ে যায় শান্তাকে। পরে স্থানীয়রা আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে শান্তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ঘটনাটি আমি শুনেছি। শান্তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।