গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর ও পিকআপভ্যানের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।
শনিবার (২৯ মার্চ) সকালের ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দ্রুতগামী একটি পিকআপভ্যান সড়কে আসা আরেকটি ট্রাক্টর এড়াতে না পেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে মুসা (২১) নামে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা ঘটনাস্থলেই নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালায় এবং দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, তবে পরে স্বাভাবিক করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।