ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাড়ির তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে মোশারফ হোসেন খান মাসুদ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের কাছের এলাকায় কে বি আই সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন খান মাসুদ উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাও গ্রামে হাজী আব্দুল মালেকের ছেলে এবং পোড়াবাড়িয়া দাখিল মাদরাসা শরীরচর্চা শিক্ষক। এছাড়া তিনি একাধারে ফুটবল খেলোয়াড় ও রেফারি এবং ক্রিকেটার ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আটটার দিকে উপজেলা পরিষদের কাছে এলাকায় কে বি আই সড়কের সামনে কাজল ভিলা নিজ বাসায় তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষক মাসুদ। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: নাসরীন সুলতানা মুন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যান তিনি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনিব্যবস্থা নেয়া হবে।