মানবপাচারের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো: মাহাবুবুর রহমান বলেছেন, ‘জাতীয় কর্মপরিকল্পনার আওতায় পাচারের ঝুঁকিতে থাকা মানুষের নিরাপত্তা, পাচারের শিকার ব্যক্তির মনোসামাজিক পুনর্বাসন, পাচারকারীকে আইনের আওতায় আনা ও সুবিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া সকল পক্ষের অংশীদারিত্ব নিশ্চিত এবং অগ্রগতি পর্যালোচনা ও শিখনের ভিত্তিতে অগ্রসর হওয়া নিয়েও সরকার কাজ করছে।’
এ সময় তিনি পারস্পরিক সহযোগিতা ও সংযোগ জাতীয় রেফারেল কাঠামোর আওতায় সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বরিশাল সার্কিট হাউজে মানবপাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো শীর্ষক বিভাগীয় পর্যায়ে শেয়ারিং ও ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃষ্ঠপোষকতায় এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা ও দারিদ্রতার সাথে লড়াই করা মানুষেরা বেশি মানবপাচারের শিকার হয়। এ এলাকার মানুষেরা ক্ষুধা নিবারণ ও দারিদ্র্য থেকে মুক্তির আশায় প্রতারিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বেকার যুবসমাজ বেকারত্ব গুছানোর জন্য মানবপাচারকারীদের প্রতারণার জালে আটকে যায়। সরকার এ অবস্থা থেকে উত্তরণের জন্য এ সকল অঞ্চলগুলোতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতারিত না হওয়ার জন্য বিদেশ যাওয়ার আগে ওয়ার্ক পারমিট চেক করে নেয়া, ভিসা মেয়াদ যাচাই করা, চুক্তির শর্ত সঠিকভাবে পড়াসহ বৈধ পথে বিদেশ যাওয়ার ব্যাপারে প্রত্যন্ত অঞ্চলে প্রচারের জন্য কাজ করছে সরকার।’
তিনি আরো বলেন, ‘যে সকল এজেন্সি এ ধরনের অপকর্মে লিপ্ত সরকার ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে সচেতন করা হয়েছে যাতে বৈধ কাগজপত্র ছাড়া কেউ বিদেশ যেতে না পারে।’
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোশের্দ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন।
এ সময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিনের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী ও কর্মশালার উদ্দেশ্য উপস্থাপন করেন উইনরক আশ্বাস প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দীপ্তা রক্ষিত। সভায় বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: আহসান কবীর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।