দর্শনায় ৮ বাড়িতে হামলা ও নারীদের লাঞ্ছনা
Printed Edition
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে মাদক কারবার উচ্ছেদের নামে আটটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে গভীর রাত পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সঙ্ঘবদ্ধভাবে তাদের বাড়িগুলোর তালা ভেঙে ও গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রাণভয়ে পরিবারের সদস্যরা ঘর ছেড়ে পালিয়ে যান। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। হামলার সময় কয়েকজন নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের তুষার ও মুন্নার নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাদের দাবি, অতীতে কেউ কেউ অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকলেও অনেক আগেই তা ছেড়ে দিয়েছেন। সম্প্রতি তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় কয়েকজন দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া কয়েকজন আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগের বিষয়ে তুষার ও মুন্না বলেন, গ্রামবাসীর উদ্যোগে অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে হামলার নেতৃত্ব দেয়ার অভিযোগ অস্বীকার করেন তারা। ঘটনাস্থল থেকে মাদক উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
স্থানীয় সচেতন মহলের বক্তব্য, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা, ভাঙচুর, লুটপাট বা নারীদের লাঞ্ছিত করার সুযোগ নেই।
দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।