স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন
Printed Edition
জয়দেবপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে হোতাপাড়া বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ নানা শ্রেণীর মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, বাতেন বিএসসি ও জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা গঠিত হয়। শিল্পায়নের কারণে এখানে বিপুল জনগোষ্ঠীর বসবাস হলেও এখনো কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে ওঠেনি। ফলে জরুরি চিকিৎসার জন্য স্থানীয়দের ২৫-৩০ কিলোমিটার দূরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয়।
এ ছাড়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম এখনো সিটি করপোরেশন এলাকার পুরনো অফিস থেকে চলায় প্রতিদিন জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বক্তারা অবিলম্বে নিজস্ব উপজেলায় স্থায়ী প্রশাসনিক ভবন ও ৫০ শয্যার হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান।