বরিশালে পালিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। বরিশাল জেলা সাড়ে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার সকাল ৮টা থেকে ক্যাম্পেইন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, এবার বরিশাল জেলায় ৩ লাখ ১১ হাজার ১৩০ জন এবং বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডে ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. এসএম মঞ্জুর-এ এলাহী। এছাড়া সকাল ১০টায় নগর মাতৃসদন কেন্দ্রে সিটি এলাকার ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইন ঘিরে সকাল থেকেই প্রতিটি টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান তারা। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে কোনো শিশুর অসুস্থতার খবর পাওয়া যায়নি।

বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এসএম মঞ্জুর-এ এলাহী বলেন, সকাল থেকেই বাবা-মায়েরা তাদের সন্তানদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্যণীয়। আশা করছি আমাদের এবারের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে।