মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারী কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: জুনায়েদ চোকদারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিবচর উপজেলা ও পৌরসভা যুবদল।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদল নেতা জুনায়েদ চোকদারের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুবদল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শিবচর পৌর যুবদলের সাবেক সভাপতি শাহীন গোমস্তা, সাবেক সাধারণ সম্পাদক মহিন বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সজিব খান, উপজেলা যুবদল নেতা শাওন চৌধুরী, যুবদল নেতা রাসেল মোল্লা, যুবদল নেতা সুমন মাদবর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল শিহাব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওমর বেপারী, যুগ্ম-আহ্বায়ক ঠান্ডু আকনসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জুনায়েদ চোকদারের ওপর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নৃসংশভাবে হামলা চালিয়ে পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়। এখন পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলছে।