গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিনারানী সরকার (৪২) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তর ভাতগ্রাম (হিন্দুপাড়া) থেকে তার লাশটি উদ্ধার করা হয়। বিনারানী সরকার ওই গ্রামের পরলোকগত জয়েন্ত সরকারের স্ত্রী।

বিনারানী সরকারের তার স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় তার সতীনের ছেলে স্বদেশ কুমার সরকার (বর) গাইবান্ধা শহরে বিয়ের বাজার করতে যান। এদিকে, ছেলের বিয়ে হওয়া নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং সেইসাথে তার মনে প্রশ্ন ওঠে- বিয়ের পর কে তার ভরণপোষণের দায়িত্ব নেবে। এর পরিপ্রেক্ষিতে অভিমান থেকে রাত সাড়ে ৯টার দিকে তিনি বিষপান করেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু হাসনাত জামান জানান, খবর পেয়ে শুক্রবার সকালে বিনারানীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের সদস্যরা সুরুতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।