ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অব. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ইসরাইলিরা একটি অভিশপ্ত জাতি। যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে। নিরীহ মানুষদের ওপর ইসরাইলি হামলা আজ মানবতাকে প্রশ্নের মুখে ফেললেও বিশ্ব আজ নিশ্চুপ। এটা মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসরাইলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরি। আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে এই সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।
কর্নেল অলি বলেন, গাজা থেকে ঘোষিত ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’ এ ডাক শুধু একটি স্লোগান নয়, এটি মানবতার পক্ষ থেকে একটি চূড়ান্ত আহ্বান। ইসরাইলের রক্তপিপাসু নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি মুসলমান এবং মানুষ হিসেবে সকলের কর্তব্য।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।