কক্সবাজার পৌরসভায় টানা বর্ষণে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৮ জুলাই) বিকেলে কক্সবাজার পৌরসভার সাত্তার ঘোনা, লাইট হাউস ও কলাতলী বড়ছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা জামায়াত আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এ সহায়তা প্রদান করেন।

কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসন বাবদ ২০ হাজার টাকা এবং পরিবারের এতিম সদস্যদের জন্য ৭০০০ টাকা প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও শহর নায়েবে আমির শহিদুল আলম বাহাদুর, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরোয়ার কামাল ও ১২ নম্বর ওয়ার্ড সভাপতি রফিক উল্লাহ মুকুলসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে জামায়াত নেতারা বলেন, দুর্যোগের এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সরকারকে পাহাড়ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, সংগঠন হিসেবে জামায়াত সবসময় মানুষের বিপদে সর্বোচ্চ সহায়তা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।