ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় আহত নাইম মিয়া (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে পূর্ব শত্রুতার জেরে নাইম মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠায়।
নিহত নাইম মিয়া উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের মো: মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দাওয়া দাইর দাখিল মাদরাসার মাঠে বসে শিক্ষার্থী নাইম মিয়া মোবাইল দেখছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে স্বজনরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিস্থিতির অবনতি হলে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ঘটানো হয়েছে।
নিহতের ভাই সোহেল মিয়া জানান, ভাইকে হারিয়ে আমরা আতঙ্কে আছি।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দোষীদের শনাক্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।