ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে হায়দুল ইসলাম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক উপজেলার রাওনা ইউনিয়নের হাটুরিয়া গ্রামের অবে আকন্দের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে হায়দুল ইসলামকে কে বা কারা খবর দিয়ে পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নে বাইল্যা গ্রামে নিয়ে যায়। হায়দুলের চলাফেরা ও কথাবার্তা সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বৃষ্টি সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পায়ে নখ উপড়ে ফেলা হয়েছে।
নিহতের ভাতিজা ইসলাম উদ্দিন বলেন, ‘আমার চাচা (হায়দুল) মানুষের চা-পানের দোকানে কাজ করে সংসার চালাত। তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে আমরা জানি না। হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যুর খবর পেয়েছি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে এখনো কোনো অভিযোগ পাইনি।’