ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কে পাঁচবাগ চৌকা বাজার মোড়ে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালি গ্রামের মরহুম আব্দুল আওয়ালের ছেলে বামনখালী বটতলা বাজারের ব্যবসায়ী ইকবাল হোসাইন (৫২) ও দিঘীরপাড় গ্রামের মো: সিদ্দিকের ছেলে, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মিনারুল ইসলাম (২০)।
আহতরা হলেন গফরগাঁওয়ের দুগাছিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে নাজমুল (৩০) ও দিঘীরপাড় গ্রামের আবু সাঈদের ছেলে ছাত্রশিবির-কর্মী জিহাদ (২৪) ও টাংগাব গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওয়াসিম (২৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ের সড়কে পাঁচবাগ চৌকা বাজার মোড়-সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইকবাল হোসাইন ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মিনারুল ইসলামের মৃত্যু হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার কর হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালকসহ ট্রাক ও অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।