ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে সঞ্জু বাড়ই (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, রাত ১২টা ৮ মিনিটে ফেসবুকে একটি পোস্টে তিনি ক্ষমা চান।

সঞ্জু ঢাবির নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে।

ফেসবুকে পোস্টটিতে তিনি লিখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টা মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

এ ঘটনায় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, আনুমানিক সাড়ে ৫টার দিকে একজন ক্লিনার কাজ করার সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ পান। কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি দারোয়ানকে জানালে তিনি আমাকে অবগত করেন এবং অন্যদের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা প্রথমে তার পরিচয় শনাক্ত করতে পারছিলাম না। পরে শাহবাগ থানা পুলিশ তার পকেট থেকে নৃবিজ্ঞান বিভাগের একটি প্রশ্নপত্র খুঁজে বের করে। এরপর সহপাঠীদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হই।

তিনি আরো বলেন, সঞ্জু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি, গত দু’দিন ধরে সে হলে ছিল না। আজ ভোর ৪টার দিকে হলে আসে এবং ৪টা ১০ মিনিটে হলের ছাদে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো: মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।