রাজধানী ঢাকায় আজও তীব্র গরম অনুভূত হতে পারে। এছাড়া নেই বৃষ্টির কোনো সম্ভাবনা।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আজ শনিবার এমনটাই জানা গেছে।

সকালে ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে শুষ্ক। ফলে গরমের তীব্রতা থেকে রাজধানীবাসীর স্বস্তি মিলবে না।

আরো বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসাথে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ২৭ মিনিটে।