ঢাকার বাতাসের মান টানা কিছুদিন ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকার পর আজ ছুটির দিনেও ‘বিপজ্জনক’ রূপ নিয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টা ১৩ মিনিটে ১৭৯ একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শহরটি।
একিউআই সূচক অনুসারে, ঢাকার এই বিপজ্জনক বাতাসে বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।
ভারতের দিল্লি, সেনেগালের ডাকার ও চিলির সান্তিয়াগো যথাক্রমে ১৯০, ১৬৭ ও ১৫৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সেটা বেড়ে ২০১ থেকে ৩০০-এর মধ্যে চলে এলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছায়। এতে বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত ‘শীতকালে’ অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং ‘বর্ষাকালে’ উন্নত হয়। সূত্র : ইউএনবি