গ্লেন ম্যাকগ্রাকে টপকে গেলেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। অ্যাডিলেড টেস্টে জোড়া উইকেট নেয়ার পথে এই কীর্তি গড়েছেন লায়ন।

রেকর্ডটা হাতছানি দিচ্ছিল আগে থেকেই। গত পাঁচ মাস ধরেই ৫৬২ উইকেটে আটকে ছিলেন লায়ন। সবশেষ ৩ টেস্টের দু’টিতেই খেলা হয়নি তার। আর পার্থ টেস্টে একাদশে থাকলেও করেন মাত্র ২ ওভার।

তবে অ্যাডিলেড টেস্টের একাদশে ফিরে প্রথম ওভারেই ঘোচালেন অপেক্ষা ৬ বলে নিলেন ২ উইকেট। বৃহস্পতিবার প্রথমে ফেরান ওলে পোপকে, আর দ্বিতীয় শিকার বেন ডাকেট। তাতেই ম্যাকগ্রাকে টপকে যান লায়ন।

এই মুহূর্তে তার টেস্ট উইকেট সংখ্যা ৫৬৪। ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট ছিল ম্যাকগ্রার। তাকে ছাড়িয়ে গেলেন লায়ন ১৪১তম টেস্টে। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে সবার উপরে অবশ্য লেগ স্পিন জাদুকর শেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি লায়ন টেস্ট ইতিহাসেরই এখন ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি। ৬০৪ উইকেট নিয়ে পাঁচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, ৬১৯ উইকেট নিয়ে ভারতীয় কিংবদন্তি আনিল কুম্বলে আছেন ৪ নম্বরে।

পেসারদের মাঝে সর্বোচ্চ উইকেট শিকারি জিমি অ্যান্ডারসন, ৭০৪ উইকেট নিয়ে আছেন তালিকার তিনে। এরপর ওয়ার্নের ৭০৮ উইকেট। আর সবার থেকে এগিয়ে ৮০০ উইকেট নিয়ে ধরাছোঁয়ার বাইরে আছেন মুত্তিয়া মুরালিধরন।