টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো পুরোপুরি খাপ খাইয়ে নিতে পারেনি বাংলাদেশ। কখনো উড়ছে, আবার কখনো হতাশা। ওয়েস্ট ইন্ডিজকে যেখানে তাদের মাঠেই করেছে ধবলধোলাই, সেখানে আরব আমিরাতের কাছে হয়েছে সিরিজ হার।
সেই হারের হতাশা ভুলে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল। ম্যাচের আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন দু’দলের অধিনায়ক ও কোচ। কথা বলেন নিজ দল আর প্রতিপক্ষ নিয়ে।
সাম্প্রতিককালে বাংলাদেশের যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে প্রায়ই পেসারদের প্রসঙ্গ অবধারিতভাবেই উঠে আসে। টাইগারদের পেস আক্রমণের ভূয়সী প্রশংসা করেন প্রতিপক্ষরাও।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে দেশটির কোচ মাইক হেসনের মুখেও টাইগার পেসারদের প্রসঙ্গ। তার মতে, যেকোনো ব্যাটিং আক্রমণকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে টাইগারদের পেস ইউনিট।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ বলেন, ‘বাংলাদেশ এই কন্ডিশনে সবসময়ই চ্যালেঞ্জিং। অনেকবার বাংলাদেশে গিয়েছি আমি। সেখানেও বেশ চ্যালেঞ্জিং দল তারা। তাদের পেসাররা অনেক উন্নতি করেছে।’
তিনি বলেন, ‘ভালো পেসার রয়েছে তাদের, যারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। স্পিনের ওপর বেশি নির্ভর করতে হয় না এখন আর। ব্যাটিং গভীরতাও আছে অনেক। অনেকেই আছে ভালো। কাউকে হালকাভাবে নিতে চাই না, আমরা সবাইকে নিয়েই ভাবছি।’
আমিরাতের কাছে সিরিজ হারলেও টাইগারদের হালকাভাবে নেয়ার পক্ষপাতী নন পাকিস্তানের কোচ। হেসন বলেন, ‘তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারা (বাংলাদেশ)। দল হিসেবে তারা এমন অবস্থায় রয়েছে, তারা জানে কিভাবে খেলতে চায়।’
তিনি বলেন, ‘আমার মনে হয় না পাকিস্তান দল বাংলাদেশকে হালকাভাবে নেবে। আমরা সেভাবেই প্রস্তুতি নেব, যেভাবে নিতে হবে আমাদেরকে। পিএসএল শেষে দল হিসেবে খেলা হয়নি আমাদের। তবে শুরুটা করতে মুখিয়ে আছি আমরা।’
একই সুর শোনা গেল ফিল সিমন্সের কাছে। তিনি বলেন, ‘আরব আমিরাতে সিরিজ হার অনেক হতাশাজনক ছিল। তবে আমরা মানসিকভাবে চাঙ্গা আছি। সব বেশ ভালো আছে। আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে।’
তিনি বলেন, ‘আমার মনে হয় এটা আমাদের খেলোয়াড়দের নিজেদের সেরাটা দেখানোর সময়। আমরা সিরিজ জিততেই পারি, কিন্তু পাকিস্তান যেকোনো সময়ই বিপজ্জনক দল। তাই আপনি তাদের হালকাভাবে নিতে পারেন না।’
এদিকে সিরিজের প্রত্যাশা নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘সিরিজের প্রত্যাশা আমার একটাই ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা উন্নতি করতে পারছি কিনা।’
লিটন আরো বলেন, ‘শুধু রেজাল্টে নয়, রেজাল্ট সবসময় আপনার দিকে আসবে না। কিন্তু কিভাবে ক্রিকেট খেলছেন এটা বড় জিনিস। আমার কাছে মনে হয়, আমরা যদি প্রক্রিয়া অনুসরণ করি সাফল্যের রেজাল্টটা বেশি থাকবে।’