আদালতের নির্দেশ অমান্য
রাজশাহীতে মসজিদে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ কাজ বন্ধের দাবি
Printed Edition
রাজশাহী ব্যুরো
আদালতের নির্দেশ অমান্য করে রাজশাহী নগরীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদে বেজমেন্টে দোকান ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: আমিনুর রহমান বাচ্চু। তিনি নিজেকে সাধারণ মুসল্লি, এলাকাবাসীর প্রতিনিধি এবং চলমান মামলাগুলোর বাদি হিসেবে পরিচয় দেন।
লিখিত বক্তব্যে আমিনুর রহমান বাচ্চু অভিযোগ করেন, আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) সংক্রান্ত নির্দেশনা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্দেশ উপেক্ষা করে মসজিদের বেজমেন্টে দোকান, টয়লেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে একাধিক দেওয়ানি, ফৌজদারি ও ভায়োলেশন মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলেও দাবি করেন তিনি।
তার অভিযোগ, আরডিএর নির্দেশনা অনুযায়ী বেজমেন্ট পার্কিং হিসেবে ব্যবহারের কথা থাকলেও সেখানে ২২ থেকে ২৩টি দোকান নির্মাণ করা হয়েছে এবং সেগুলো বিক্রির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- আদালতের নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজ বন্ধ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেজমেন্টের দোকান সিলগালা, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি।
এক প্রশ্নের জবাবে আমিনুর রহমান বাচ্চু বলেন, তারা কোনো সঙ্ঘাত চান না; আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের একমাত্র দাবি।
মসজিদের খতিব আবুল কালাম আজাদ অভিযোগগুলোকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন। বর্তমান কমিটির সভাপতি ডা: আব্দুর রশিদ এবং সাবেক সভাপতি ডা: ইকবাল বারীও অভিযোগ অস্বীকার করেন।
এদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় ভবনের নকশার অনুমোদন দেয়া হয়নি।