চট্টগ্রামে হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করুন : নজরুল ইসলাম
Printed Edition
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চন্দনপুরা এক্সেস রোড এলাকায় এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ভাঙচুর, তাণ্ডব ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরীতে দিনেদুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের প্রকাশ্য তাণ্ডব, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো নাগরিকের জানমাল ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ধারাবাহিকভাবে ঘটে চলা এসব ঘটনায় মানুষ আস্থাহীন হয়ে পড়ছে। সরকারকে কার্যকর পদক্ষেপ নিয়ে অপরাধ দমন, চাঁদাবাজি বন্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ বিজ্ঞপ্তি।