দিনাজপুরে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরের ছোট চন্ডিপুর গ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর (কালিরহাট) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ। নিহতরা হলেন- ওই এলাকার নিপেন চন্দ্র রায়ের স্ত্রী সবিতা রানী (৩৫) ও তার মেয়ে পল্লবী রানী (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা অনুপস্থিতি ছিল। সবিতা রানীর স্বামী নিপেন চন্দ্র রায় সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখেন তাদের শয়ন কক্ষের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়ে ঝুলছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে লাশ দু’টিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, লাশ দু’টি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।