চায়নার সাংহাইতে অনুষ্ঠিত ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২৬, স্টেজ-২’-এ বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চূড়ান্ত র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে।

বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল কোয়ালিফিকেশন রাউন্ডে ২১৬০ স্কোরের মধ্যে ১৯৮৯ স্কোর করে ২০ দলের মধ্যে নবম র‌্যাংকিং অর্জন করে। পরবর্তী সময়ে ২০টি দল নিয়ে এলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলা অনুষ্ঠিত হয়। এই রাউন্ডে বাংলাদেশসহ চারটি দল বাই পেয়ে ১/৮ রাউন্ডে উন্নীত হয়। ১/৮ রাউন্ডে বাংলাদেশ ৬-২ সেটে শক্তিশালী ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২-৬ সেটে অপর শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার নিকট পরাজিত হয়। এর ফলে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে বিশ্বের ছয় নম্বর স্থান অর্জন করে।

এদিকে বাংলাদেশের রিকার্ভ পুরুষ আরচ্যার আব্দুর রহমান আলিফ ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২৬, স্টেজ-২’-এ ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬৭ স্কোর করে অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে নতুন এশিয়ান রেকর্ড গড়েন। পূর্ববর্তী রেকর্ড ছিল ৬৬৬। বাসস