কয়েকদিন আগেই ওমান থেকে এএইচএফ কাপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ মেয়েরা। এবার সে লক্ষ্যে ওমানে গেলেও প্রথম পর্বেই ত্রাহি অবস্থা অনূর্ধ্ব-১৮ ছেলেদের।

মাস্কাটে চলমান অনূর্ধ্ব-১৮ যুব পুরুষ এশিয়ান হকি ফাইভস চ্যাম্পিয়নশিপে প্রথম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।

টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হারলেও তৃতীয় ম্যাচে লড়াই করে ওমানকে মঙ্গলবার রাতে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টে দলগুলোকে শক্তির ভিত্তিতে এলিট ও চ্যালেঞ্জার, দুই পুলে ভাগ করা হয়েছে।

এলিট পুলে বাংলাদেশের সাথে রয়েছে ভারত, পাকিস্তান ও স্বাগতিক ওমান। চ্যালেঞ্জার পুলে খেলছে ইরান, ইরাক ও সৌদি আরব।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-৭ গোলে হারলেও প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণের সামনে লড়াই করেছে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে আক্রমণ-প্রতি আক্রমণের জমজমাট ম্যাচে ২-৫ গোলে হারে তারা।

তবে তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে এলিট পুলের দলগুলো একে অপরের বিপক্ষে দ্বিতীয়বার খেলার সুযোগ পাচ্ছে।

ফলে প্রথম পর্বের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখন বাংলাদেশের সামনে। দ্বিতীয় পর্বে আবারো ভারত, পাকিস্তান ও ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। একই দিন রাত সাড়ে ১১টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।

শুক্রবার রাতে ওমানের বিপক্ষে নামবে বাংলাদেশ। দ্বিতীয় পর্বে তিন ম্যাচের দুটিতে জিতলেই ৪ পয়েন্ট নিয়ে কোনো সমীকরণ ছাড়াই সেমি-ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। একটি জয় পেলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফল ও গোল ব্যবধানের দিকে। এলিট পুলের শীর্ষ তিন দলই পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।