রাজধানী ঢাকায় সোমবার থেকে শুরু হয়েছে নতুন কুঁড়ি ২০২৫-২০২৬ জাতীয় পর্বের খেলা। বুধবার (২২ জুলাই) তৃতীয় দিনে তিনটি ডিসিপ্লিনের খেলা তিনটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেট :

ক্রিকেটের বালক ও বালিকা বিভাগের চার কোয়ার্টার ফাইনালেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ ১০ ওভার করে হলেও বাকি তিন ম্যাচের দু’টির ভাগ্য নির্ধারিত হয় টসে। অন্যটির ফলাফল ঠিক হয় বৃষ্টি আইনে। ছেলেদের বিভাগে সেমিফাইনালের টিকিট কেটেছে রংপুর ও সিলেট। আর মেয়েদের বিভাগে শেষ চারে পৌঁছেছে চট্টগ্রাম ও ঢাকা।

ছেলেদের বিভাগে কুমিল্লার বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে রংপুর। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৯.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। সর্বোচ্চ ১৫ রান করেন আবরার জাসিন। রংপুরের শাহিন ইসলাম শাহি মাত্র ২ রানে নেন ২ উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নামা রংপুরকে ১০ উইকেটের জয় এনে দেন অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের উদ্বোধনী জুটি। ৮.৩ ওভারে লক্ষ্যে পৌঁছানোর পথে সাকিব ২৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৩৭ ও ইলমান ১৮ রানে অপরাজিত করেন।

মেয়েদের বিভাগে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে চট্টগ্রাম। টসে জিতে ব্যাটিং নেওয়া কুমিল্লা ইনিংসের প্রথম বলেই অধিনায়ক হাফসা আক্তারকে হারায়। এরপর রুম্মান ইসলাম সাইকাও রানের খাতা না খুলেই ফেরেন। ৪ রানে ২ উইকেট হারানোর পরই নামে বৃষ্টি। পরে ডিএলএস পদ্ধতিতে ম্যাচ নেমে আসে মাত্র ৩ ওভারে। তিন উইকেট হারিয়ে কুমিল্লা তোলে মাত্র ১৬ রান। যার মধ্যে ৯ রানই এসেছে অতিরিক্ত থেকে। ১৭ রানের সহজ লক্ষ্য এক উইকেট হারিয়ে আট বলেই তুলে ফেলে চট্টগ্রাম।

দিনের বাকি দুই ম্যাচ বৃষ্টির কারনে মাঠে গড়ায়নি। তাই ফল নির্ধারণ হয় টসে। মেয়েদের বিভাগে সিলেটকে টসে হারায় ঢাকা, আর ছেলেদের বিভাগে ঢাকাকে টস ভাগ্যে হারায় সিলেট।

ফুটবল :

ফুটবল ডিসিপ্লিনে রোমাঞ্চকর জয় পেয়েছে খুলনা। বুধবার ঢাকার আর্মি স্টেডিয়ামে বালক বিভাগে ঢাকা অঞ্চলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় খুলনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। বালক বিভাগের অপর খেলায় খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটিও গড়িয়েছিল টাইব্রেকারে। যেখানে চট্টগ্রামকে হারিয়েছে রংপুর। নির্ধারিত সময়ের খেলায় গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চট্টগ্রামকে ৩-১ গোলে হারায় রংপুর।

বালিকা বিভাগে ঢাকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে খুলনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে খুলনার অধিনায়ক সিঁথি বিশ্বাস জয়সূচক গোলটি করেন।

এই বিভাগে দিনের আরেক ম্যাচে মার্জিয়া ও সুমাইয়ার গোলে রংপুর ২-০ ব্যবধানে হারায় চট্টগ্রামকে।

কাবাডি :

বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাবাডির বালক ও বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। বালক বিভাগের তিন কোয়ার্টার ফাইনালের প্রথমটিতে ৪৩-৪১ পয়েন্টে বরিশালকে হারায় রাজশাহী। খুলনা মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (৪৬-৪৫ পয়েন্ট) হারায় সিলেটকে। রংপুর ৬৪-৩৮ পয়েন্টের বড় ব্যবধানে কুমিল্লাকে হারায়।

বালিকা বিভাগের প্রথম কোয়ার্টার ফাইনালে ৫৮-১৫ পয়েন্টে বরিশালকে উড়িয়ে দেয় রাজশাহী। ৫৩-৩৬ পয়েন্টে সিলেটকে হারায় খুলনা। ৪৬-৩০ পয়েন্টে কুমিল্লাকে হারিয়ে রংপুর এবং ৪২-৩২ পয়েন্টে ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ময়মনসিংহ।