ফেনীতে ঈগল ও ‘হ্যাঁ’ সমর্থনে ছাত্রশিবিরের তারুণ্যের সাইকেল যাত্রা
Printed Edition
ফেনী অফিস
ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর সমর্থনে সাইকেল যাত্রা করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার সকালে ছাত্রশিবির ফেনী শহর শাখার আয়োজনে সরকারি পাইলট হাই স্কুল মাঠে শুরু হওয়া এই কর্মসূচিতে তিন শতাধিক তরুণ অংশ নেন।
সাইকেল যাত্রাটি পাইলট মাঠ থেকে কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও মিজান রোড প্রদক্ষিণ করে পুনরায় পাইলট মাঠে এসে শেষ হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোট প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
ছাত্রশিবির শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবীব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি আ.ন.ম. আবদুর রহীম, সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও সাবেক জেলা সভাপতি মইনুল ইসলাম জোবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু ঢাকায় ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা প্রমাণ করে কিছু মহল এখনো ফ্যাসিবাদী মানসিকতায় আচ্ছন্ন। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, রাষ্ট্র পরিবর্তনে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামীতেও করবে। ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ ও সাম্প্রতিক গণ-আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ প্রমাণ করেছে- বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।