হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকায়, অন্যজন সিলেট বিভাগে মারা গেছে। তবে এসময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

একই সময় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০১ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩৮ জন।

একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১২ হাজার ৫২৬ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক লাখ চার হাজার ৬৯৩ জন। হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১৭ হাজার ২১৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮৪ হাজার ২১৮ জন।