প্রতিটি ইউনিয়নে ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
Printed Edition
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে ইমাম-মুয়াজ্জিন খাদেম পুরোহিতদের সম্মানী ভাতা দেয়া হয়েছে। আগামী জুন মাসের শেষ দিকে কৃষক কার্ড এবং পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ডও বিতরণ শুরু হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি আমরা। গতকাল নরসিংদীর বেলাবো উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুস্থ ও গরিবদের মধ্যে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা দেশের মতো বেলাবো-মনোহরদী থেকে মাদক ও দুর্নীতিমুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সারা দেশকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। স্বাধীনতাবিরোধী শক্তি ছাড়া সবাইকে সরকারের সুযোগ-সুবিধার আওতায় আনা হবে।
অনুষ্ঠানে দুই হাজার টাকা করে ১৯৩ জন দুস্থ গরিব ব্যক্তিকে নগদ তিন লাখ ৮৬ হাজার টাকা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূঞা, যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামানসহ, উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।